কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটায় পুলিশ সচেতনতামূলক মাইকিং করেছে। বুধবার উপজেলা সদরসহ ছিনতাইপ্রবণ এলাকায় এ মাইকিং করানো হয়। পুলিশ জানায়, রাজনগর উপজেলা সদরে ঈদকে সামনে রেখে ছিনতাই বৃদ্ধি পেয়েছে। নারী ও বৃদ্ধরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন বেশি। এজন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার উপজেলা সদর ও আশেপাশে মাইকিং করে পুলিশ। সঙ্গে জোরদারও করা হয়েছে পুলিশের টহল।
উল্লেখ্য, ২ জুলাই মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে কর্ণিগ্রাম থেকে মিতালী পাল ও সদর ইউনিয়নের কমলারাণীর দীঘির পারে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৭ জুলাই উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ময়নার দোকান এলাকায় খুশি রাণী ধরের কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং আকুয়া গ্রামের ভাঙার হাট ব্রিকফিল্ডের পাশে ফারুক আহমদের স্ত্রী আসমা বেগমের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করা হয়। এসব ঘটনায় রাজনগর থানার পুলিশ এ সচেতনতামূলক মাইকিং করে। বুধবার সকালে পুলিশ ১০টি পরামর্শ দিয়ে মাইকিং ও প্রচারপত্র দেয়। এতে পুলিশের ডিউটি অফিসারের মোবাইল নম্বরও (০১৭৬৯-৯৩২৯১৪) দেয়া হয়। যে কোন প্রয়োজনে ওই নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।
রাজনগরে ছিনতাই প্রতিরোধে মাইকিং


